সন্ধেবেলা নাস্তা ছাড়া ঠিক জমে না। গরম চা সঙ্গে ঝটপট বানাতে পারেন বিকালের নাস্তা। মজার স্বাদের নুডল র্যাপড চিজ রোলটি দিতে পারেন শিশুদের। বেশ মজার এবং স্বাস্থ্যকর। মুখরোচক এই স্ন্যাক্সের রেসিপি-
উপকরণ
- সেদ্ধ নুডলস ১ কাপ
- পারুটির স্লাইস ৫টা
- বোনলেস চিকেন ২০০ গ্রাম
- পেঁয়াজ ১টা (বড়, কুচনো)
- রসুনকুচি ১ টেবলচামচ
- রেড চিলি ফ্লেকস ১ চা-চামচ
- গোলমরিচ গুঁড়ো ১/২ চা-চামচ
- লবণ (স্বাদমতো)
- ক্যাপসিকাম কুচি ২ টেবল চামচ
- মিহি করে কুচানো ধনেপাতা ২ চা-চামচ
- কুরনো মোৎজ়ারেলা চিজ় ১ কাপ
- ময়দা ২ টেবল চামচ।
প্রণালি
পারুটির ধার কেটে চ্যাপ্টা করে নিন। একটা ভেজা কাপড় দিয়ে পারুটিগুলো ঢেকে রাখুন। প্যানে ১ টেবলচামচ মাখন গরম করে তাতে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজ কুচি মিশিয়ে ভাজুন। এতে বোনলেস চিকেনের টুকরো দিয়ে ৫ মিনিট রান্না করুন। ক্যাপসিকাম কুচি এবং বাকি মশলা মেশান। চিকেন সেদ্ধ হলে ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। এবার এতে কুরনো চিজ মিশিয়ে নিন। একটি পাত্রে ময়দা এবং ২ টেবলচামচ জল মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। একটি করে পারুটির টুকরো নিয়ে উপরে পুর রাখুন। পারুটির ধারে ময়দার মিশ্রণ লাগিয়ে রোল করে মুড়ে নিন। এবার রোলগুলোর গায়ে সেদ্ধ করা নুডলস জড়িয়ে নিন। ফ্রিজে রোলগুলো ১৫ মিনিট রাখুন। ডুবো তেলে মুচমুচে করে ভেজে তুলে নিন। মেয়নেজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
