শিশুদের টিফিন বাহারি খাবার দিতেই হয়। সাথে স্বাদ বদল করতে হয়। রোজ রোজ এক খাবার দিলে তারা সেটা মোটেই পছন্দ করে না। তাই এবার আপনার বাড়ির খুদের স্বাদ বদল করুন চিকেন স্যান্ডউইচ। স্কুলের টিফিনে পুষ্টিকর চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিতে পারবেন খুব সহজে। চলুন জেনে নেওয়া যাক চিকেন স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি-
উপাদান
- ৬ টি স্লাইস পাউরুটি
- ২০০ গ্রাম বোনলেস চিকেন
- ১/২ চা চামচ রসুন বাটা
- ১/২ চা চামচ আদা বাটা
- ১ টেবিল চামচ পাতিলেবুর রস
- ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
- ১/২ চা চামচ মিক্স হার্বস
- ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
- ১ টা পেঁয়াজ স্লাইস করে কাটা
- ১/২ টি ক্যাপ্সিকাম স্লাইস করে কাটা
- ২টি স্লাইস চীজ
- ২ টেবিল চামচ টমেটো কেচাপ
- ২ টেবিল চামচ বাটার
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাত্রে চিকেন, পাতিলেবুর রস, আদাবাটা,রসুন বাটা,চিলি ফ্লেক্স ও মিক্স হার্বস দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে। তারপর গ্যাসে ফ্রাইংপ্যান বসিয়ে তাতে বাটার ব্রাশ করে মেখে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে দুই পিঠ ভাল করে ভেজে নিতে হবে। চিকেন গুলো সোনালী করে ভাজা হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে কাটা চামচের সাহায্যে ঝুরি করে নিতে হবে। স্লাইস পাউরুটির একপিঠ টমেটো কেচাপ লাগিয়ে নিতে হবে। তারপর প্রথমে স্লাইস চিজ এর টুকরো কয়েকটা দেওয়ার পরে স্লাইস করা পেঁয়াজ, ক্যাপ্সিকাম এবং চিকেন দিয়ে দিতে হবে। তারপর গোলমরিচ গুঁড়ো এবং আবারো কিছুটা চিজ দিয়ে আরেকটা পাউরুটি ওপর থেকে দেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। ফ্রাইং প্যানে বাটার লাগিয়ে তার ওপরে স্যান্ডউইচ গুলো বসিয়ে এপিঠ-ওপিঠ টোস্ট করে নিতে হবে সোনালী করে নামিয়ে নিতে হবে। তারপর স্যান্ডউইচ গুলো ত্রিকোণ করে কেটে টমেটো কেচাপ এর সাথে পরিবেশন করতে হবে।
