বাংলাদেশে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কচ্ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেকো। এ লক্ষ্যে বাংলাদেশে কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কচ্ হোল্ডিং ও বেকোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। সফরকালে তারা সিঙ্গার বাংলাদেশের উৎপাদন কারখানা, কনসেপ্ট স্টোর এবং করপোরেট কার্যালয় পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফররত প্রতিনিধিদলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন, বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এবং আর্সেলিক-হিটাচির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর উস্টুনার। এ ছাড়া ছিলেন বেকোর প্রধান উৎপাদন ও প্রযুক্তি কর্মকর্তা নিহাত বায়িজ।
পরিদর্শনকালে সিঙ্গার বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম এবং দেশের বাজারে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এম এইচ এম ফাইরোজ।
তিনি বলেন, সিঙ্গার বাংলাদেশ উৎপাদন সক্ষমতা, ব্যবসা পরিচালনার পদ্ধতি এবং কর্মীদের কর্মপরিবেশ—এই তিনটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করার পাশাপাশি দেশের বাজারে অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশে উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে বেকোর বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার দেশের ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্যের বাজারে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পরিকল্পনারই প্রতিফলন।
