কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এর মধ্য দিয়ে বিমানবন্দরটিতে আধুনিক যাত্রীসেবার নতুন সুযোগ তৈরি হলো।
শনিবার (১৭ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ১৪৫-এর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করে।
বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা টার্মিনাল ভবন থেকে সরাসরি উড়োজাহাজে ওঠানামা করতে পারেন। এতে যাত্রীদের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়। পাশাপাশি বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এয়ারলাইন্সটির আশা, কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে বোর্ডিং ব্রিজ ব্যবহারের এ উদ্যোগ যাত্রীসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
