ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে এলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুরের আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকাসহ আশপাশের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা পুনরায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে বিক্ষোভ ও ভাঙচুরের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে আশপাশের আবাসিক এলাকাতেও আতঙ্ক বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
