ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২০২৭ সালের ২৭ মে।
১২ অক্টোবর (সোমবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে। দেশে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে। পাঁচ ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।
