নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ।
আজই চূড়ান্ত হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা। ফলে জোট বা আসন সমঝোতা–সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিষ্পত্তির শেষ সুযোগও আজ।
২১ জানুয়ারি (বুধবার) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
ইসির তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে ফরম-৫ অনুযায়ী বাংলা বর্ণানুক্রমে নামের তালিকা প্রকাশ করা হবে।
এর আগে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল নিষ্পত্তি শেষ হয়েছে। ইসি সূত্র জানায়, এ বিষয়ে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এর মধ্যে ৪২৫টি আপিল মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি প্রত্যাহার করা হয়।
ইসির তথ্য অনুযায়ী, ৩শ’ আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছিল।
