২৪ ঘণ্টার ব্যবধানে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমেছে। রাজধানীর ঢাকাতেও গত শনিবারের তুলনায় ১৮ জানুয়ারি (রোববার) আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা কমলেও বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালও একই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানান, সাধারণত কোনো অঞ্চলে তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তবে বর্তমানে কেবল একটি বিচ্ছিন্ন এলাকায় এ ধরনের তাপমাত্রা বিরাজ করায় একে পূর্ণাঙ্গ শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।
রাজধানীতেও তাপমাত্রা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ১৫.৫ ডিগ্রিতে। গতকাল রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহজুড়ে শীতের এমন ওঠানামা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দু-একদিন পর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
