সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের আসন্ন লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২ জানুয়ারি (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়সূচি দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পিএসসি এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২ জানুয়ারির পরীক্ষা স্থগিতের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তী তারিখ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ। তবে সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৯ জানুয়ারি নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে!
নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অপেক্ষায় থাকা ১০ লাখেরও বেশি পরীক্ষার্থীকে অধিদপ্তরের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
