সৌদি আরবে হুতিদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নিহত আলেমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
১৮ অক্টোবর (রোববার) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সঙ্গে তাঁর তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’
এ সময় শায়খ আহমাদুল্লাহ মহান আল্লাহর কাছে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। পাশাপাশি মরহুম নাসরুল্লাহ বদরের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন তিনি।
এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত হন মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
