আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে তিনি আইজিপির দায়িত্বভার গ্রহণ করেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএমের স্থলাভিষিক্ত হলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মো. আলী হোসেন ফকির নেত্রকোণা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএনে কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫ তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
