নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা বাটি হাতে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থানের পর তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা।
এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নবী বলেন, সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
