নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) আচরণ বিধিমালা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিধিমালার ৭ (ক) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
বিধিমালার ৭ (ঙ) ধারায় আরও বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত অন্যান্য সব প্রচার সামগ্রী—যেমন ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন—অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। ব্যানারের আয়তন সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজের মধ্যে এবং ফেস্টুনের আয়তন অনধিক ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুনে প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।
