দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।২৫ জানুয়ারি (রোববার) বিকেল থেকে এই সেবা আবার সচল করা হয়।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, মূলত পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার কারণে এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবাটি আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।
কেন দীর্ঘ সময় এই কার্যক্রম স্থগিত ছিল—এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।
