বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান হয়েছে ৫০ হাজার কোটি টাকা। এমন তথ্য উঠে আসে জাতীয় কমিটির প্রতিবেদনে।
২৫ জানুয়ারি (রোববার) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন জাতীয় কমিটির প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, বর্তমান বিদ্যুৎ খাতের উচ্চ মূল্য এবং চরম আর্থিক সংকটের কারণ কোনো সাময়িক সমস্যা নয়; বরং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও চুক্তিগত ব্যর্থতা। প্রতিবেদনে উঠে আসা মূল বিষয়গুলো হলো:
বিগত কয়েক বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪ গুণ বাড়লেও, আশ্চর্যের বিষয় হলো ক্যাপাসিটি পেমেন্ট বেড়েছে প্রায় ২০ গুণ।
প্রতিযোগিতা আইন উপেক্ষা করে জরুরি বিদ্যুৎ সরবরাহ আইনের অপব্যবহার করা হয়েছে। বারবার এই আইনের মেয়াদ বাড়িয়ে অসাধু উপায়ে উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করা হয়েছে।
কোনো প্রকার দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, যা সরাসরি জাতীয় স্বার্থের পরিপন্থি। মূলত ব্যক্তিস্বার্থ ও বিশেষ মহলের সুবিধার্থেই বিদ্যুৎ খাতের এই বাজার ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।
