জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) জানিয়েছে, সংস্থাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ডব্লিউএইচও তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। তাদের বিশ্বাস, ডব্লিউএইচও সংস্কার, জবাবদিহি ও স্বচ্ছতার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।
মার্কিন সিনেটর মার্কো রুবিও এবং রবার্ট এফ কেনেডি জুনিয়র এক যৌথ বিবৃতিতে বলেন, কোভিড-১৯ মহামারির সময় সংস্থাটির ব্যর্থতার কারণেই এই প্রত্যাহার। তারা আরও জানান, এখন থেকে ডব্লিউএইচও-তে যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থায়ন বন্ধ থাকবে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, আইনি কিছু প্রক্রিয়া বাকি থাকলেও কার্যত এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে না।
তিনি বলেন, আমরা চাই বিশ্বের প্রতিটি দেশের মতো যুক্তরাষ্ট্রও এই সংস্থার পূর্ণ অংশীদার হিসেবে থাকুক। কারণ স্বাস্থ্য এমন একটি বিষয় যা কোনো সীমানা বা ভূখণ্ড মানে না।
এদিকে ডব্লিউএইচওর এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়টি আগামী ফেব্রুয়ারির শুরুতে সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় আলোচনায় উঠবে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
