নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। পে কমিশন–সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৫ সালের জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা।
জাতীয় পে-স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে ২১ জানুয়ারি (বুধবার) শেষবারের মতো বৈঠকে বসছে পে কমিশন। এ বিকেল ৫টায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ।
দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর আজকের বৈঠকেই পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা একাধিক কমিটি দ্বারা যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হবে। এই প্রক্রিয়া শেষে বাস্তবায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত এ ধরনের যাচাই ও পর্যালোচনায় তিন থেকে চার মাস সময় লাগে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।
