আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে।১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে।
১৩ জানুয়ারি ক্রমিক নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকাল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান,১৪ জানুয়ারি (বুধবার) ২৮১ থেকে ৩৫০,১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ৩৫১ থেকে ৪২০,১৬ জানুয়ারি (শুক্রবার) ৪২১ থেকে ৪৯০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম চলবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিনে আপিল শুনানি শেষে মোট ১৫০ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিন ৫১ জন (৫২টি মঞ্জুর হলেও ১টি ছিল বিপক্ষের আপিল), দ্বিতীয় দিন ৫৮ জন এবং তৃতীয় দিন ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
