কনকনে শীতের অনুভূতি কিছুটা কমলেও এখনো ৮ ডিগ্রির ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশার দাপট। এই অবস্থার মধ্যেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) নাগাদ সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দু’দিনও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, ১১-১২ জানুয়ারি (রবিবার ও সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে রবিবার ও সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও পরদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি ১৪-১৫ জানুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এই তিন দিনে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি কুয়াশার দাপট একই রকম থাকতে পারে।
