দেশের ৪৪ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে ১০ জানুয়ারি (শনিবার) ও ১১ জানুয়ারি (রোববার) তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
৭ জানুয়ারি (বুধবার) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ আশঙ্কার কথা জানান।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। আগামী শনি ও রোববার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় ১১ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকালের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন,৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালেও শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। ওই সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
