বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আগামী এক বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।
১৮ অক্টোবর (রোববার) নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি। সম্প্রতি অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী নাহিদা।
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা আক্তার। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে তাঁর শিকার ১৩২ উইকেট। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যার দিক থেকে তাঁর অবস্থান পঞ্চম।
অন্যদিকে, ২৪ বছর বয়সী সোবহানা মোস্তারির কাঁধেও উঠেছে নতুন দায়িত্ব। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি। এই সংস্করণে তাঁর রানসংখ্যাও এক হাজার ছাড়িয়েছে।
বাংলাদেশ নারী দলের তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সোবহানা। এর আগে এই কৃতিত্ব অর্জন করেন নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক।
নতুন অধিনায়ক নাহিদা ও সহ-অধিনায়ক সোবহানার সামনে প্রথম বড় চ্যালেঞ্জ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন নেতৃত্বে টুর্নামেন্টে কেমন করে বাংলাদেশ নারী দল, এখন সেটিই দেখার বিষয়।
