লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোয় নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে দলটি। এই জয়ের মধ্য দিয়ে ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মায়ামি। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করার পথে এগিয়ে গেছে দলটি।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণে আধিপত্য বিস্তার করে স্বাগতিক নিউ ইংল্যান্ড রেভল্যুশন। প্রথম ৪৫ মিনিটে ছয়টি শট নেওয়ার পাশাপাশি পাঁচটি কর্নার আদায় করে নেয় তারা। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও মায়ামির জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি স্বাগতিকরা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ইলাই ফেইনগোল্ডের পাস থেকে গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন ড্যানিয়েল গাজদাগ।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। ম্যাচের ৬৯তম মিনিটে লিওনেল মেসির দারুণ ব্যাকহেড থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন জার্মান বেরতেরামে। তার গোলে ১-১ সমতায় ফেরে সফরকারীরা।
সমতা ফেরার পর আক্রমণভাগে আরও গতি আনতে লুইস সুয়ারেজকে মাঠে নামান মায়ামির কোচ। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় দলটি। আর শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন অধিনায়ক মেসি।
বক্সের বাইরে বল পেয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত নিচু শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। মেসির দুর্দান্ত এই শটে অসহায় হয়ে পড়েন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার। তার নৈপুণ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
শেষ পর্যন্ত মেসির সেই গোল ধরে রেখেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। গুরুত্বপূর্ণ এই জয়ে আগামী মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিট নিশ্চিত করার পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানও আরও শক্তিশালী করল দলটি।
