আপনি যদি ক্রিসপি ও স্পাইসি চিকেন বার্গার খেতে চান, তবে ‘ড্রাগন চিকেন বার্গার’ একদম পারফেক্ট। রেস্তোরাঁর মতো স্বাদ বাড়ানোর জন্য প্রয়োজন সঠিক ম্যারিনেশন, ক্রিসপি লেয়ার এবং মজাদার স্পাইস। রেস্তোরাঁর মতো চিকেন বার্গার বানাবেন যেভাবে রইল রেসিপি-
উপকরণ
- দুধ ১ কাপ
- লেবুর রস ২ টেবিল চামচ
- পাপরিকা ১ টেবিল চামচ
- চিকেন পাউডার ১ চা-চামচ
- গার্লিক পাউডার ১ টেবিল চামচ
- হট সস ২ টেবিল চামচ
- লবণ ১ চিমটি
- বোনলেস চিকেন থাই পিস ৪৫০ গ্রাম
ক্রিসপি লেয়ারের জন্য
- ময়দা ১ কাপ
- কর্নফ্লাওয়ার ১/২ কাপ
- ব্ল্যাক পেপার ১ চা-চামচ
- পাপরিকা ১ চা-চামচ
- চিকেন পাউডার ১/২ চা-চামচ
- লবণ ১/৪ চা-চামচ
ম্যাজিক স্পাইস মিক্সের জন্য
- পাপরিকা ১ টেবিল চামচ
- লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ
- গার্লিক পাউডার ১ টেবিল চামচ
- লবণ ১/২ চা-চামচ
- চিকেন পাউডার ১ চা-চামচ
- ব্রাউন সুগার ২ চা-চামচ
- গরম তেল ১/২ কাপ
মায়োনেজ-গার্লিক সসের জন্য
- মায়োনেজ ১/২ কাপ
- ক্রিম ২ টেবিল চামচ
- গার্লিক পাউডার ১ চা-চামচ
- ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ
- লবণ ১ চিমটি
- লেবুর রস ১ টেবিল চামচ
বার্গার সাজানোর জন্য
- বার্গার বান
- মাখন
- আইসবের্গ লেটুস
- চেডার চিজ স্লাইস
- শশা
প্রস্তুত প্রণালী
একটি বাটিতে দুধ, লেবুর রস, পাপরিকা, চিকেন পাউডার, গার্লিক পাউডার, হট সস ও লবণ মিশিয়ে ভালোভাবে ফেটান। এতে চিকেন থাই যোগ করুন, মেশান এবং ঢেকে ১ ঘন্টা ম্যারিনেট করুন।
ক্রিসপি লেয়ার তৈরির জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, পাপরিকা, চিকেন পাউডার ও লবণ মিশিয়ে রাখুন। চিকেনের টুকরোগুলোকে প্রথমে ড্রাই মিশ্রণে কোট করুন। তারপর ম্যারিনেশনে ডুবিয়ে আবার ড্রাই মিশ্রণে কোট করুন। ভালো করে চাপ দিন ও ঝাঁকান যাতে ফ্লেকি হয়।
এবার পাপরিকা, লাল মরিচ, গার্লিক পাউডার, লবণ, চিকেন পাউডার, ব্রাউন সুগার মিশিয়ে গরম তেল ঢেলে ফেটান। ওয়কে তেল দিয়ে গরম করুন, এরপর চিকেন দিন। তাপমাত্রা হাই হিটে ৮-৯ মিনিট ভাজুন। সোনালি ও ক্রিসপি হলে নামিয়ে নিন। এবার মায়োনেজ-গার্লিক সস বানান। তার জন্য মায়োনেজ, ক্রিম, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, লবণ ও লেবুর রস মিশিয়ে সস তৈরি করুন।
বান মাখন দিয়ে টোস্ট করুন। তারপর বানের নীচের অংশে মায়োনেজ-গার্লিক সস লাগান, আইসবের্গ লেটুস, ক্রিসপি চিকেন, ম্যাজিক স্পাইস অয়েল, চেডার চিজ ও শশা দিন। তারপর আবার মায়োনেজ-গার্লিক সস মাখিয়ে উপরের বান দিয়ে ঢেকে দিন।
আলাদা করে পটেটো ফ্রাইস, বাকি মায়োনেজ-গার্লিক সস ও ম্যাজিক স্পাইস অয়েল দিন।তৈরি হয়ে গেলো রেস্তোরাঁর মতো মজাদার চিকেন বার্গার।
