বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনএসসি সম্প্রতি একটি গেজেট প্রকাশ করেছে যেখানে গত নির্বাচনের বিষয়ে তদন্তের কথা বলা হয়েছে। বিসিবি মনে করে বর্তমান বোর্ড গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নিজস্ব গঠনতন্ত্র অনুসারে নির্বাচিত হয়েছে এবং দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। এই অবস্থায় আকস্মিক তদন্ত কমিটি বোর্ডের স্বাধীনতা ও স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
আইসিসির পূর্ণ সদস্য হিসেবে তারা ‘গ্লোবাল গভর্ন্যান্স’ কাঠামো অনুযায়ী পরিচালিত হয় এবং কোনো নির্বাচিত ক্রিকেট বোর্ডের কাজে তৃতীয় পক্ষ বা সরকারি হস্তক্ষেপ আইসিসির নিয়ম অনুযায়ী নিষিদ্ধ। এ ধরনের পদক্ষেপ আইসিসির ‘গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স’ নীতিমালার আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণ হতে পারে।
বিসিবি ইতোমধ্যেই আইসিসির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছে এবং প্রাপ্ত ইঙ্গিত অনুযায়ী গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ডে যেকোনো হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
