২০২৬ বিশ্বকাপের দামামা বাজার আগেই নির্ধারিত হয়ে গেল ২০৩০ বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞের ফাইনালের ভেন্যু। ২০৩০ সালের বিশ্বকাপের ২৪তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনে।২৬ জানুয়ারি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল রাউসান এই তথ্য নিশ্চিত করেছেন।
মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। ফাইনালের ভেন্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই মরক্কো ও স্পেনের মধ্যে এক ধরনের লড়াই চলছিল। তবে সোমবার সংবাদমাধ্যমকে রাফায়েল রাউসান স্পষ্ট করে বলেন,‘স্পেনই বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে।’ কোন স্টেডিয়ামে ম্যাচটি হবে তা নির্দিষ্ট করে না বললেও তিনি নিশ্চিত করেছেন যে, শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজনের স্বত্ব স্পেনই পাচ্ছে।
