আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা শেষ হলো। টাইগারদের বদলে স্কটল্যান্ড খেলবে এই টুর্নামেন্ট। আগে থেকেই গুঞ্জন চলছে, বাংলাদেশ না খেললে টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তানও। তবে দলটির অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, এ কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি
শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নকভি বলেন, ‘আসন্ন ২০ দলীয় এই মেগা টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও পাকিস্তানের অবস্থান নির্ধারিত হবে সরকারের নির্দেশনা অনুযায়ী।’
এই পরিস্থিতিতে আইসিসি ও বিসিবির চলমান টানাপোড়েনের মধ্যেই খবর আসে, বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের পথে যেতে পারে।
এ প্রসঙ্গে মহসিন নকভি বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
