কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল শ্রীলঙ্কা। এরপর বল হাতে ঝলক দেখালেন প্রমোদ মাদুশন, দুনিথ ভেল্লালাগেরা। তাতে ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে লঙ্কানরা। জবাবে ৪৯.২ ওভারে ২৫২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন ভেল্লালাগে।
ইংল্যান্ডের ইংনিসে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটি খেলেন বেন ডাকেট। জো রুটের ব্যাট থেকে আসে ৬১ রান। এছাড়া জেমি ওভারটন ৩৪ ও রেহান আহমেদ ২৭ রান করেন। বাকিরা বিশের কোটা পূরণ করতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন প্রমোদ মধুশান। দুটি করে উইকেট নেন দুনিথ ভেল্লালাগে ও জেফরি ভান্ডারসাই।
