টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকল বাংলাদেশ।২২ জানুয়ারি ( বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জাতীয় দলের ক্রিকেটার এবং সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পরও অবস্থান পরিবর্তন করেনি বিসিবি।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পরিকল্পনা নিয়েই তারা আবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে যাবে।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা শ্রীলঙ্কায় খেলার পরিকল্পনা নিয়ে আবার আইসিসির কাছে যাব। তারা ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেও এমন একটি বৈশ্বিক সংস্থা এভাবে করতে পারে না।
তিনি আরও বলেন, আইসিসি ২০ কোটি দর্শক হারাবে, ক্ষতিটা তাদেরই হবে।
শ্রীলঙ্কাকে সহ-আয়োজক হিসেবে উল্লেখ করা নিয়েও আপত্তি তোলেন বিসিবি সভাপতি। আমিনুল ইসলাম বলেন, আইসিসি শ্রীলঙ্কাকে কো-হোস্ট বলছে। তারা কো-হোস্ট না। এটা হাইব্রিড মডেল। আইসিসির বৈঠকে কিছু কথা শুনে আমি বিস্মিত হয়েছি।
সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা আশা করছি আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারই নিয়েছে।
আইসিসি তাদের বোর্ড সভায় ভোটাভুটির পর বাংলাদেশকে একদিনের সময় বেঁধে দিয়েছে। বাংলাদেশ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর আইসিসি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।
