চলতি বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আসরে টিকিট পেতে ৫০ কোটিরও বেশি মানুষ টিকিটের জন্য ফিফার কাছে আবেদন করেছেন।
ফিফা জানিয়েছে, টিকিট পেতে স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বাইরে সবচেয়ে বেশি আবেদন এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসবাসকারী সমর্থকদের কাছ থেকে।
টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি জাতীয় ফুটবল ফেডারেশনের জন্য প্রতিটি ম্যাচে ৬০ ডলারের (৭৩৩৭ টাকা) টিকিট বরাদ্দ রাখা হবে। স্ব স্ব ফেডারেশন নিজেদের বিশ্বস্ত সমর্থকদের মাঝে সেসব টিকিট বিতরণের সিদ্ধান্ত নেবে।
টিকিট বিক্রির সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচকে ঘিরে। আগামী ২৭ জুন ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর চাহিদার কেন্দ্রে রয়েছে– ১৮ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল, ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ এবং ২ জুলাই টরন্টোতে দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ।
