আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। ভারতে খেলতে গেলে বাংলাদেশ দল নিরাপত্তাজনিত গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে—এমন তিনটি শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ।
আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়ার তিনটি নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। কারণগুলো হলো–
প্রথমত, বিশ্বকাপ দলে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা।
দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে প্রকাশ্যে চলাচল করেন।
তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে আইসিসি আশঙ্কা প্রকাশ করেছে।
আইসিসির শঙ্কার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আইসিসি যদি মনে করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করবো, আমাদের সমর্থকেরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর ক্রিকেট খেলতে গেলে দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে—তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক প্রত্যাশা আর কিছু হতে পারে না।
অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ দিতে হবে। এ বিষয়ে আমরা কোনো ধরনের নতি স্বীকার করবো না।ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই।
