টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি শুবমান গিলের। ফিরেছেন রিঙ্কু সিং, ঈশান কিষাণ। অধিনায়ক সূর্যকুমার যাদবের পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্বে আছেন অক্ষর প্যাটেল।
ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি শুবমান গিলের। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা স্কোয়াড থেকে বাদ পড়েছেন গিল এবং জিতেশ শর্মা। দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সাঞ্জু স্যামসনের পাশাপাশি রয়েছেন ঈশান। যথারীতি ওপেনিংয়ে আছেন অভিষেক শর্মা। ব্যাটারদের মধ্যে অধিনায়ক সূর্যকুমারের পাশাপাশি দলে রয়েছেন ফর্মে থাকা তিলক ভার্মা।
স্কোয়াডে একগাদা অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া, শিভাম দুবের সাথে রয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদীপ যাদবের সাথে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে। পেস ইউনিটে যথারীতি জাসপ্রীত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিংদের রাখা হয়েছে।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও খেলবেন বিশ্বকাপের স্কোয়াডের ক্রিকেটাররাই।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে লড়বে ভারত। সঙ্গী পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান।
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
একনজরে ভারতের বিশ্বকাপ স্কোয়াড :
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিঙ্কু সিং, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হার্শিত রানা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক)।
তথ্য সূত্র: বিডিক্রিকটাইম
