২৮ এপ্রিল (মঙ্গলবার) শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) বিতর্কিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সদস্যরা বিশেষ বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খবর এনডিটিভির।
দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ক্রিকেট বোর্ডে নতুন প্রশাসন গঠনের আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত আসে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে একটি সূত্র জানিয়েছে। আগামীকাল বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।
গত সপ্তাহে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন শাম্মি সিলভা। এর আগে থেকেই তাকে পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছিল সরকার। মার্চের শুরু থেকেই খেলোয়াড়দের অভিযোগ এবং জাতীয় দলের খারাপ পারফরম্যান্সের কারণে তাকে অপসারণের চিন্তাভাবনা চলছিল।
সূত্র জানায়, অন্তর্বর্তীকালীনভাবে এসএলসি পরিচালনার জন্য ইতোমধ্যেই নতুন ব্যক্তিদের নাম চূড়ান্ত করেছে সরকার।
