চলতি মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।
এই সিরিজকে সামনে রেখে ১৫ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এই স্কোয়াডে মোট ৬ জন নতুন ক্রিকেটার ডাক পেয়েছেন।
নতুন ৬ মুখ হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এর মধ্যে পাকিস্তান শাহিনসের হয়ে সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল খেলেছেন।
আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। ৮ মার্চ ঢাকায় পা রাখবে দ্য গ্রিন ম্যানরা। একদিন বিরতি দিয়ে ১০ মার্চ অনুশীলনের পর ১১, ১৩ ও ১৫ মার্চ গড়াবে ম্যাচগুলো। সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে।
