২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে স্কোরবোর্ডে খুব একটা রান তুলতে পারেনি নিউজিল্যান্ড।
দুই ওপেনার টিম সেইফার্ট ২৫ বলে ৩৫ এবং ফিন অ্যালেন ১৯ বলে ২৯ রান তুলেই সাজঘরে ফিরেন।গ্লেন ফিলিপসের ২৮ বলে ৩৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। প্রথম ওভারেই ওপেনার ফিল সল্ট ও পরের ওভারে জস বাটলারকে হারায় ইংল্যান্ড। পরে দলের হাল ধরেন হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। এরপর তাদের জুটিতে ভর করে দলীয় খাতায় ৩৫ বলে ৪৮ রান তুলে ইংলিশরা। পরবর্তীতে দলীয় ৫৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফের বিপদে পড়ে ইংল্যান্ড। দলের হাল ধরেন টম ব্যান্টন ও স্যাম কারান। এই জুটির ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪২ রান।
দলীয় শতরান পেরোনোর কিছুক্ষণ পরই ২৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন টম ব্যান্টন। এরপর রেহান আহমেদ ও উইল জ্যাকস আর কোনো রিস্ক নেননি। দু’জনে মিলে ১৬ বলে ৪৪ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এতে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে খেলতে যাচ্ছে থ্রি-লায়ন্সরা। অন্যদিকে ইংলিশদের কষ্টার্জিত জয়ের ফলে টিকে থাকল পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা।
