টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারাল সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের।
৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি খেলেন উসমান খান। ১৪ রান করেন শাদাব খান। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা পার করতে পারেননি।
এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।
২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ভারত।
