টি-টোয়েন্টি বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে আজ ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের পাহাড় গড়ে।
তবে রোস্টন চেজের ২৯ বলে ৩৪ এবং শিমরন হেটমায়ারের ১২ বলে ২৩ রানে শেরফান রাদারফোর্ড বিধ্বংসী ৪২ বলে অপরাজিত ৭৬ এবং শেষ দিকে জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় উইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে জেমি ওভারটন ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।
১৯৭ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ফিল সল্ট ১৪ বলে ৩০ এবং জস বাটলার ১৪ বলে ২১ রান করে বিদায় নিলে চাপে পড়ে ইংলিশরা। মিডল অর্ডারে স্যাম কারান ৩০ বলে ৪৩ রান করে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও অন্য ব্যাটাররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন। উইল জ্যাকস, জোফরা আর্চার বা লিয়াম ডসনদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়ে ৩০ রানের হার মেনে নেয় ইংল্যান্ড। ৩ উইকেট নিয়ে উইন্ডিজের জয়ের নায়ক স্পিনার গুডাকেশ মোতি।
