পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন মোট ৫০ জন ক্রিকেটার। দেশটির জাতীয় দলের খেলা না থাকায় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান অনেক খেলোয়াড়ও।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তরুণ ওপেনার জাকির হাসান। তিনজনই নিলামে নাম দিয়েছেন ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা ও টি-টোয়েন্টি ফরম্যাটে কার্যকারিতার কারণে এই তিন ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
পিএসএলের এবারের নিলামে মোট নিবন্ধিত ক্রিকেটারের সংখ্যা ৮৭৯ জন। বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও নিলামের তালিকায় রয়েছেন। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮ দলের এই নিলাম। সব ঠিক থাকলে ২৩ মার্চ শুরু হবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলের নতুন আসর।
