পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের খেলোয়াড় নিলামের তারিখ ও ক্রিকেটারদের ভিত্তিমূল্য (বেস প্রাইস) ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের খেলোয়াড় নিলাম। এবারের নিলামে সব ধরনের ভিত্তিমূল্য ও দরপত্র নির্ধারণ করা হয়েছে পাকিস্তানি রুপিতে।
সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি। দ্বিতীয় ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি, তৃতীয় ক্যাটাগরিতে ১ কোটি ১০ লাখ রুপি এবং চতুর্থ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ লাখ রুপি।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ন্যূনতম ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠনের অনুমতি দেওয়া হয়েছে। একটি দলে পাঁচ থেকে সাতজন পর্যন্ত বিদেশি খেলোয়াড় রাখা যাবে। তবে ম্যাচের একাদশে অন্তত তিনজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক।
নিলামের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। পাশাপাশি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি একজন বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার বিশেষ সুযোগও দেওয়া হয়েছে।
সূত্র: জিও সুপার
