বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট।২৩ জানুয়ারি (শুক্রবার) বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ক্রিকবাজের
বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে মোখলেসুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে সাংবাদিক রিয়াসাত আজিম এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। মোখলেসুর রহমান ও নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের মধ্যে একাধিক ফোনালাপ প্রকাশ করা হয়। সেখানে ম্যাচের ফলাফল ও খেলার ধরন নিয়ে নির্দেশনার অভিযোগ তোলা হয়েছে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘অ্যালেক্স মার্শাল (বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান) ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন। একই সঙ্গে তিনি (মোখলেসুর) বিসিবির অডিট কমিটি থেকেও পদত্যাগ করেছেন।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মোখলেসুর রহমান ক্রিকবাজকে বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। আমি চাই এই বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক।
