গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট উইজডেন স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচগুলোর পারফরম্যান্স বিচার করে ছেলেদের বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে, যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজ।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়েছিল। পাশাপাশি বছরজুড়েই অনুষ্ঠিত হয়েছে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ। আন্তর্জাতিক ও ঘরোয়া—সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিয়েই এই একাদশ নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় দল।
স্বীকৃত টি–টোয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। তাঁর ইকোনমি রেট ছিল ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট। পুরো বছরে তিনি বল করেছেন ১৫৬.৫ ওভার। অন্যদিকে ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন। তাঁর স্ট্রাইক রেট ১৫.৪ হলেও বোলিং গড় ছিল ২১.৪২।
দুইজন করে স্পিনার, পেসার ও পেস অলরাউন্ডার নিয়ে এই বর্ষসেরা দল গঠন করা হয়েছে। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন সুনীল নারাইন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার।
বর্ষসেরা একাদশটি হলো—
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।
ফিল সল্ট ৫২ ইনিংসে ১৫৭৫ রান করেন ১৫৩.৩৫ স্ট্রাইক রেটে। ইংল্যান্ড জাতীয় দল ও আইপিএলে গত বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৬। এই দলে তিনি উইকেটকিপারের দায়িত্বও পালন করবেন।
দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস ও ডোনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিডও জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে।
