চলতি মৌসুমের এখনো অনেকটা পথ বাকি থাকলেও ভবিষ্যতের পরিকল্পনায় কোনো ফাঁক রাখতে চাইছে না বার্সেলোনা। আগামী মৌসুমের জন্য এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে কাতালান জায়ান্টরা। ট্রান্সফার উইন্ডোর সম্ভাব্য তালিকায় অনেক নাম থাকলেও এই মুহূর্তে বার্সার বিশেষ নজর কাড়ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ।
বয়স ও আর্থিক বিবেচনায় রবার্ট লেভানডফস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে বার্সেলোনা। আগস্টে ৩৮ বছরে পা দেবেন এই পোলিশ স্ট্রাইকার, উচ্চ পারিশ্রমিক ও চোটের ঝুঁকিও ভাবাচ্ছে বার্সাকে।
এই বাস্তবতায় আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য নাম আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
আলভারেজকে দলে ভেড়ানো অবশ্য সহজ হবে না। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে বার্সেলোনাকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে।
