আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তে চলমান টানাপোড়েন নিরসনে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একটি প্রতিনিধি দল। তবে আলোচনায় বসতে রাজি হলেও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ সরকার।
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন।
ক্রীড়া উপদেষ্টা জানান, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়টি অবহিত করেছেন।
আইসিসির একটি টিম বোধহয় বাংলাদেশে কথা বলার জন্য আসছে। তবে আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই।
তিনি জানান, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী হলেও ভারতের মাটিতে খেলবে না। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই। আমাদের বিশ্বাস, এটা আয়োজন করা অসম্ভব কিছু নয়।
