ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কোকা–কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা নির্বাচিত হয়ে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।
বিশ্বব্যাপী এ সফরের অংশ হিসেবে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর ৩০টি ফিফা সদস্যদেশে যাবে। ১৫০ দিনের বিশ্বভ্রমণে ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি থামবে ৭৫টি জায়গায়। গত বছরের ১৫ নভেম্বর থেকে এ বছরের ৮ জানুয়ারি পর্যন্ত ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা। সাধারণ মানুষদের মধ্যে সেই ক্যাম্পেইনের বিজয়ীরাই শুধু এ ট্রফি কাছ থেকে দেখতে পারবেন।
সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি–বরণ অনুষ্ঠান। বেলা দেড়টার পর ট্রফি রাখা হবে ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত এ ট্রফি থাকবে র্যাডিসন ব্লুতে৷ এরপর বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের এ ট্রফি। ট্রফির কাছে যাওয়ার জন্য কোকা-কোলার ক্যাম্পেইন বিজয়ীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। এরপর যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে আনতে হবে।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য কিছু বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। উল্লেখ্য, বিশ্বকাপের ট্রফি শুধু বিশ্বকাপজয়ী, যেকোনো দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই স্পর্শ করতে পারেন।
ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফিফা বিশ্বকাপ ট্রফি খেলাধুলার জগতে সর্বোচ্চ সম্মানের প্রতীক। কোকা-কোলার সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
সংক্ষিপ্ত এই সফর হলেও ফিফা বিশ্বকাপ ট্রফির ঢাকায় আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
