২০২৫-২৬ বিপিএলে একের পর এক ম্যাচে কার্যকর ইনিংস খেলে রংপুর রাইডার্সের জয়ের নায়ক হয়ে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার এমন পারফরম্যান্স দেখে রংপুরের সহকারী কোচ মো. আশরাফুল মন্তব্য করেছেন, গত তিন–চার বছরের মধ্যে এখনই সেরা ছন্দে রয়েছেন মাহমুদউল্লাহ।
০৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় সিলেটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তার সেই ইনিংসে ভর করেই ৫ উইকেটে জয় পায় রংপুর।
এর আগের, দুই ম্যাচেই ম্যাচসেরা ছিলেন মাহমুদউল্লাহ। সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৪ এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৫১ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। টানা তিন ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলে কোচিং স্টাফের প্রশংসায় ভাসছেন প্রায় ৪০ ছুঁইছুঁই এই ব্যাটার।
চট্টগ্রামের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘মাহমুদউল্লাহ এখন যে ব্যাটিং করছে, তা তার গত তিন–চার বছরের মধ্যে সেরা। তার ক্যারিয়ারের সেরা সময় ছিল ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত, হাতুরুসিংহের সময়। এখনো সে অসাধারণ সময় কাটাচ্ছে। তাকে দলে পাওয়াটা আমাদের সৌভাগ্য।’
আশরাফুল বলেন, ‘আমাদের একজন নির্ভরযোগ্য ফিনিশার দরকার ছিল। ২০০৭ সালে অভিষেকের পর থেকেই মাহমুদউল্লাহ এই ভূমিকায় কতটা সফল, তা আমরা সবাই জানি। এই পজিশনের জন্য তার চেয়ে ভালো কেউ নেই।’
