টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর এই দুই ফরম্যাটে নতুন অধিনায়ক প্রয়োজন ছিল দলটির। শেষপর্যন্ত একজনকেই বেছে নেওয়া হয়েছে এই দুই দায়িত্বের জন্য।
নতুন দায়িত্ব পাওয়া ক্রিকেটার একজন পেসার, রিচার্ড এনগারাভা। ২০১৭ সালে ওয়ানডে ফরম্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। জিম্বাবুয়ের হয়ে প্রথম টেস্ট খেলেন ২০২১ সালে। এখন পর্যন্ত দেশের হয়ে ১১টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলে শিকার করেছেন ২০৩টি উইকেট।
এ মুহূর্তে জিম্বাবুয়ের পেস আক্রমণের নেতার ভূমিকায় রয়েছেন এনগারাভা। ব্লেসিং মুজারাবানির সাথে পাল্লা দিয়ে সামলাচ্ছিলেন পেস ইউনিট। এখন থেকে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে গোটা দলকেই অবশ্য সামলাতে হবে। টি-টোয়েন্টিতে যথারীতি সিকান্দার রাজাই অধিনায়ক হিসেবে থাকছেন।
জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি বলেন, ‘একজন খেলোয়াড় ও নেতা হিসেবে এনগারাভা বছরের পর বছর ধরে অনেক উন্নতি দেখিয়েছে। ড্রেসিংরুমে সে সম্মানের পাত্র। সব ফরম্যাটেই জিম্বাবুয়ের হয়ে ধারাবাহিকভাবে ভালো করছে। আমরা বিশ্বাস করি, সামনে সে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।’
সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে ব্রায়ান বেনেটকে। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত ১১টি করে টেস্ট ও ওয়ানডে এবং ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন। গেল বছর টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়েছে তার।
তথ্য সূত্র: বিডিক্রিকটাইম
