শিশুদের পাসপোর্টের মেয়াদ প্রাপ্তবয়স্কদের মতো ১০ বছর নয়, বরং মাত্র ৫ বছর। তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি সময়মতো নবায়নের পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিভাবকদের উদ্দেশে এ পরামর্শ দেয় ইউএস অ্যাম্বাসি ঢাকা।
পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর। ফলে অনেক সময় অভিভাবকদের অজান্তেই দ্রুত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে।
এ কারণে সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ আগেই দেখে রাখার এবং নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
পোস্টে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, ‘মনে রাখবেন, যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, মাত্র ৫ বছর। আর দেখতে দেখতেই এই সময় পার হয়ে যায়! তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে রাখুন এবং সময়মতো নবায়ন করুন।’
