২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আগামী ২৭ নভেম্বর। এ জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। অন্যদিকে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর।
রোববার (১ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত ওই কর্মপরিকল্পনায় পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়ন ও সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি উল্লেখ করা হয়েছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। পরদিন ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য ও বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে।
এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়ন কার্যক্রম চলবে। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র, পরীক্ষকের স্বাক্ষরিত বিবরণী এবং প্রয়োজনীয় কাগজপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।
পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চূড়ান্তভাবে পরিবর্তিত উত্তরপত্র যাচাই শেষে ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
এদিকে, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ৩ নভেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়নের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
প্রশ্নপত্র প্রণয়ন কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২ ডিসেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে ৩১ ডিসেম্বর।
