দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও কয়েক দিন অব্যাহত থাকবে। আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। দুর্গাপূজার ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও সাপ্তাহিক ছুটি পড়ে। এরপর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় বিদ্যালয়গুলোতে টানা ছুটির মেয়াদ আরও বাড়ে।
সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটি শেষে সোমবার থেকে আবারও শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা এবং শুরু হবে নিয়মিত পাঠদান কার্যক্রম।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়। ছুটি শেষে গতকাল থেকে মাদ্রাসাগুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং ছুটি শেষে ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে মোট ১৬ দিনের ছুটি হচ্ছে।
ছুটির সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে আবারও নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে।
