খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. রাজিবুল করিম। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে গত ১ নভেম্বর জারি করা এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ২ নভেম্বর থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য যাবতীয় ভাতাও পাবেন তিনি।
এদিকে একই আদেশে উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলামকে ১ নভেম্বর অপরাহ্ণ থেকে রেজিস্ট্রারের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর মো. রাজিবুল করিম বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতায় একটি আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও গবেষণামুখী বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই হবে তাঁর অগ্রাধিকার।
মো. রাজিবুল করিমের কর্মজীবন শুরু হয় ২০০৬ সালে। ২০১১ সাল পর্যন্ত তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং বিভাগে যোগ দেন। সেখানে ২০২৫ সাল পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বর্তমানে তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
