অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে এআই শপিং অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ান-ক্লিক চেকআউট সুবিধা চালু করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। নতুন এসব সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময়ই টিকটক অ্যাপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পছন্দের পণ্য ও পোশাক সরাসরি কিনতে পারবেন।
টিকটকের তথ্যমতে, নতুন শপিং অ্যাসিস্ট্যান্ট মূলত একটি কথোপকথনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। এটি ব্যবহারকারীদের পছন্দের পণ্য খুঁজে বের করা থেকে শুরু করে কেনাকাটার পুরো প্রক্রিয়ায় সহায়তা করবে।
শুধু পণ্য খুঁজে দেওয়াই নয়, শপিং অ্যাসিস্ট্যান্ট পণ্যের বিস্তারিত তথ্য, সম্ভাব্য ডেলিভারি সময়, বিভিন্ন সাইজ এবং পণ্যের প্রাপ্যতা সম্পর্কেও তথ্য দেবে। পাশাপাশি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতেও সহায়তা করবে এই এআই সুবিধা।
অন্যদিকে, ওয়ান-ক্লিক চেকআউট সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ‘ফর ইউ’ ফিড থেকেই এক ক্লিকের মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন। ফলে ভিডিও দেখার পাশাপাশি টিকটকেই দ্রুত ও সহজে পছন্দের পণ্য কেনার সুযোগ তৈরি হবে।
টিকটকের নিজস্ব মার্কেটপ্লেস ‘টিকটক শপ’-এর বাইরে আরও বিস্তৃত অনলাইন কেনাকাটার সুযোগ তৈরি করতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান-ক্লিক চেকআউট সুবিধা চালুর জন্য ইতিমধ্যে সেলসফোর্স, শপিফাই, শপলাজা ও স্ট্রাইপের মতো প্রযুক্তি ও ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব করেছে টিকটক।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই নতুন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য দেশেও সুবিধাগুলো চালু করা হতে পারে।
পুঁজিবার্তা
